...|...|...

রাজনীতি

মানুষকে বিভ্রান্ত করে পরিস্থিতি উত্তপ্তে কাজ করছে বিরোধী দল: রাশেদ খাঁন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, রাত ৮:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০
Shares
মানুষকে বিভ্রান্ত করে পরিস্থিতি উত্তপ্তে কাজ করছে বিরোধী দল: রাশেদ খাঁন

জাতীয় সংসদের বিরোধী দল মানুষকে বিভ্রান্ত করছে এবং বর্তমান সংকটময় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে কাজ করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খাঁন বলেন, সরকারের ছয় মাসের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও মূল্যায়ন করা জরুরি। গণ-অভ্যুত্থানের একটি শক্তি বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে এবং অন্য একটি শক্তি বিরোধী দলে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র পুনর্গঠনে উভয় পক্ষেরই দায়িত্ব রয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, বিরোধী দল সরকারকে কতটা সহযোগিতা করছে, সেটিও মূল্যায়নের বিষয়।

পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য উদ্ধৃত করে রাশেদ খান বলেন, ‘আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না। আমরা একে-অপরের পরিপূরক।’

জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন জাতীয় সংকট নিয়েও বিরোধী দল রাজনীতি করছে বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, বিএনপি সরকার বিগত সরকারগুলোর প্রায় ২০ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এসব সংকট উত্তরাধিকারসূত্রে পেয়েছে।

তিনি বলেন, এসব সংকট সরকারসৃষ্ট নয়-এ বিষয়টি জনগণকে বোঝাতে বিরোধী দলের ভূমিকা রাখা উচিত ছিল। এসব সংকট আওয়ামী লুটপাট, ঋণের বোঝার চাপ, আওয়ামী পাপের ফসল ও অব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে।

রাশেদ খাঁন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১৮ মাসে এসব সমস্যার সমাধান করতে পারলে বর্তমান সরকারের জন্য পরিস্থিতি মোকাবিলা আরও সহজ হতো। কিন্তু বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি পরিস্থিতি উত্তপ্ত করে সংকট আরও ঘনীভূত করতে কাজ করছে।