...|...|...

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে জড়িত শাসকেরা আর রাজনীতিতে ফিরে আসতে পারেননি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৪
Shares
মানবতাবিরোধী অপরাধে জড়িত শাসকেরা আর রাজনীতিতে ফিরে আসতে পারেননি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত শাসকেরা আর রাজনীতিতে ফিরে আসতে পারেননি। পতিত ফ্যাসিবাদী শক্তিও বাংলাদেশে ফিরতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারে নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দেওয়া হবে। এরপর আদালত আইনানুগভাবে বিচার পরিচালনা করবেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে। গণহত্যা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ ও সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুসারে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মুখে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত ও আহতদের ত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে। যাঁরা এখনো আহত অবস্থায় আছেন, পঙ্গুত্ববরণ করেছেন কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন, তারা এই অভ্যুত্থানের বেদনা ও অর্জন জানেন। এ দেশের রাজনীতিতে পতিত শক্তি আর গ্রহণযোগ্য নয়।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান আরও বিপদগ্রস্ত করেছে। কেউ কেউ তাদের ফাঁদে পড়ে বিভ্রান্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।