...|...|...

রাজনীতি

বিলংগিং: আ জার্নি অব লাভ | পঞ্চম পর্ব

মা দেশের প্রধানমন্ত্রী, নির্মাণশ্রমিকের কাজ করতেন রাজীব গান্ধী

সোনিয়া গান্ধী: প্রেম, পরিবার ও ক্ষমতার অন্তরালে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪১
Shares
মা দেশের প্রধানমন্ত্রী, নির্মাণশ্রমিকের কাজ করতেন রাজীব গান্ধী

দুই ছেলে রাজীব ও সঞ্জয়ের সাথে ইন্দিরা গান্ধীর পারিবারিক স্মৃতি এবং সোনিয়া গান্ধীর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর প্রতীক...

মা ভারতের প্রধানমন্ত্রী। নানা ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও ইংল্যান্ডের একটি নির্মাণস্থলে দিনে ১০ ঘণ্টা শ্রমিকের কাজ করতেন রাজীব গান্ধী। অর্থ উপার্জনের জন্য করেছেন নানা ধরনের খণ্ডকালীন কাজও।

রাজনীতির চেয়ে তখন জীবনের অন্য হিসাব মেলাতেই ব্যস্ত ছিলেন এই তরুণ। প্রকৌশলবিদ্যার পড়াশোনা ছেড়ে পাইলট হতে চেয়েছিলেন। দেশে ফিরে নিজের পেশাগত জীবন গড়ে তোলার পাশাপাশি দাঁড়াতে চেয়েছিলেন মায়ের পাশে। আর এসব পরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল ইতালির এক তরুণীকে নিয়ে দেখা সংসারের স্বপ্ন।

সেই তরুণী সোনিয়া মাইনো, যাকে পরবর্তী সময়ে সোনিয়া গান্ধী নামে চিনবে গোটা পৃথিবী।

১৯৬৬ সালে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে যেমন নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, তেমনি বদলে যেতে শুরু করেছিল রাজীব-সোনিয়ার ব্যক্তিগত জীবনের সমীকরণও।

স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love)-এ সোনিয়া তুলে ধরেছেন সেই পরিবর্তনের দিনগুলোর কথা। বইটি অবলম্বনে বিশেষ ধারাবাহিকের পঞ্চম পর্বে থাকছে রাজীবের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্ত, মায়ের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসার মানুষটিকে নিয়ে ভবিষ্যৎ গড়ার সংগ্রাম।

একই দেশে থেকেও দুই শহরে

কেমব্রিজে রাজীব-সোনিয়ার পরিচয়। সেখানেই প্রেম, মান-অভিমান আর পরস্পরকে চেনার শুরু। কিন্তু পড়াশোনার প্রয়োজনে একসময় দুজনকে থাকতে হলো আলাদা শহরে।

১৯৬৬ সালে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে ভর্তি হন রাজীব। বন্ধুদের সাথে একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন তিনি। অন্যদিকে সোনিয়া কেমব্রিজের লেনক্স কুক ভাষা বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।

ইম্পেরিয়াল কলেজ

ইম্পেরিয়াল কলেজ। ছবি: সংগৃহীত

এরই মধ্যে সোনিয়ার পরিচিত বন্ধু ফ্রাঞ্চেসকো ইতালিতে ফিরে যান। সোনিয়াও বাসা বদলে ক্র্যানমার রোডে চলে আসেন। সেখানে রুলা, অ্যানাবেল ও ডোমিনিকের সাথে থাকতে শুরু করেন তিনি।

প্রতিদিন দেখা করার সুযোগ আর ছিল না। সপ্তাহান্তে কখনো রাজীব চলে আসতেন কেমব্রিজে, কখনো সোনিয়া যেতেন লন্ডনে।

রাজীবের ছোট ভাই সঞ্জয় গান্ধীও তখন ইংল্যান্ডে। ক্রু শহরে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস-রয়েসে শিক্ষানবিশ হিসেবে কাজ করছিলেন তিনি। মাঝেমধ্যে লন্ডনে বড় ভাইয়ের কাছে আসতেন সঞ্জয়।

ভারতের সবচেয়ে পরিচিত রাজনৈতিক পরিবারের দুই সন্তান তখন ইংল্যান্ডে নিজেদের পড়াশোনা ও পেশাগত প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত। ক্ষমতার বলয় থেকে দূরে, নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করছিলেন তারা।

সত্যজিৎ রায়ের সিনেমায় ভারতকে চিনছিলেন সোনিয়া

রাজীবের আগ্রহের জগৎ ছিল বেশ বৈচিত্র্যময়। যন্ত্রপাতি ও প্রযুক্তির পাশাপাশি আলোকচিত্রের প্রতিও তার গভীর আগ্রহ ছিল। ছবি তোলার পর নিজেই পরীক্ষাগারে সেসব ছবি ডেভেলপ করতেন। সংগীতের প্রতি ভালোবাসাও ছিল প্রবল। টাকা জমিয়ে কিনতেন পছন্দের গানের রেকর্ড।

রাজীবের সাথে পরিচয়ের সূত্রে সোনিয়ার সামনে খুলে যাচ্ছিল ভারতীয় সংস্কৃতির এক নতুন জানালা।

রাজীব তাকে জ্যাজ সংগীত শোনাতেন, পরিচয় করিয়ে দিতেন গজলের সাথে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পণ্ডিত রবিশঙ্করের সুরও পৌঁছে গিয়েছিল সোনিয়ার কাছে।

শুধু সংগীত নয়, চলচ্চিত্রের মধ্য দিয়েও ভারতকে চিনতে শুরু করেছিলেন তিনি। রাজীব তাকে দেখিয়েছিলেন জেমস আইভরির শেক্সপিয়র ওয়াল্লাহ এবং সত্যজিৎ রায়ের বিশ্বখ্যাত অপু ত্রয়ী।

ইতালিতে বেড়ে ওঠা সোনিয়ার কাছে ভারত তখনো দূরের এক দেশ। দেশটির ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না। সংগীত ও চলচ্চিত্রের মাধ্যমে সেই অপরিচিত পৃথিবীর সাথে ধীরে ধীরে পরিচিত হচ্ছিলেন তিনি।

যে দেশটিকে তখন চিনছিলেন সিনেমার পর্দায়, একদিন সেই দেশই হয়ে উঠবে তার ঘর। তবে সেখানে পৌঁছানোর আগে আরও অনেক অনিশ্চয়তা পেরোতে হবে তাকে।

মা প্রধানমন্ত্রী হওয়ায় বদলে গেল রাজীবের পরিকল্পনা

১৯৬৬ সালের জানুয়ারি। ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক সময়। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইন্দিরা গান্ধী। বাবা জওহরলাল নেহরুর মৃত্যুর দুই বছরেরও কম সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে।

রাজীব তখন ইংল্যান্ডে। নিজের পড়াশোনা, বন্ধুদের সাথে সময় কাটানো এবং সোনিয়াকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন তিনি।

সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, রাজীব চেয়েছিলেন তার মা অপেক্ষাকৃত শান্ত জীবন কাটান। কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইন্দিরার জীবনে সেই সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে এলো।

স্বামী ফিরোজ গান্ধীকে আগেই হারিয়েছিলেন ইন্দিরা। এরপর হারিয়েছেন বাবা জওহরলাল নেহরুকে। দুই ছেলে রাজীব ও সঞ্জয়ও তখন দেশের বাইরে।

মায়ের একাকিত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিপুল দায়িত্বের কথা ভেবে রাজীবের মধ্যে দেশে ফেরার তাগিদ তৈরি হয়। তিনি চেয়েছিলেন ভারতে ফিরে মায়ের কাছাকাছি থাকতে।

কিন্তু দেশে ফিরলেই তো হবে না। নিজের জন্য একটি পেশা বেছে নিতে হবে। উপার্জনের ব্যবস্থা করতে হবে। সোনিয়াকে বিয়ে করে সংসার করার পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে।

রাজীবের সামনে তখন প্রশ্ন একটাই- কোন পথে এগোবেন তিনি?

প্রকৌশল ছেড়ে আকাশে ওড়ার স্বপ্ন

প্রকৌশলবিদ্যা পড়তে ইংল্যান্ডে এসেছিলেন রাজীব। প্রথমে কেমব্রিজ, পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ। কিন্তু শেষ পর্যন্ত প্রকৌশলী হওয়ার পথে আর এগোলেন না তিনি।

সিদ্ধান্ত নিলেন বিমান চালনার প্রশিক্ষণ নেবেন। ভারতে ফিরে বেসামরিক বিমান সংস্থায় পাইলট হিসেবে কাজ করতে চান।

এই সিদ্ধান্তের সাথে জড়িয়ে ছিল তার ব্যক্তিগত জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে মায়ের পাশে থাকার ইচ্ছা, অন্যদিকে সোনিয়াকে বিয়ে করে সংসার গড়ার পরিকল্পনা।

রাজীবের সামনে রাজনীতিতে প্রবেশের পথও একদিন খুলে যাবে। কিন্তু জীবনের এই পর্যায়ে তার পছন্দ ছিল সম্পূর্ণ ভিন্ন একটি পেশা।

পাইলট রাজীব গান্ধী

পাইলট রাজীব গান্ধী। ছবি: সংগৃহীত

সোনিয়ার স্মৃতিচারণে উঠে আসা রাজীবের ভবিষ্যৎ পরিকল্পনায় তখন ক্ষমতার কোনো আকাঙ্ক্ষার কথা নেই। বরং একটি পেশা বেছে নিয়ে নিজের উপার্জনে সংসার করার ইচ্ছাই ছিল মুখ্য।

পরবর্তী সময়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়া মানুষটির তরুণ বয়সের স্বপ্ন ছিল আকাশে ওড়া।

নির্মাণস্থলে দিনে ১০ ঘণ্টা

ইংল্যান্ডে থাকার সময় নিজের খরচ মেটাতে বিভিন্ন ধরনের খণ্ডকালীন কাজ করতেন রাজীব। এর মধ্যে ছিল নির্মাণস্থলে শ্রমিকের কাজও। সেখানে দিনে ১০ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন তিনি।

সোনিয়ার স্মৃতিচারণে উঠে আসা এই তথ্যটি রাজীব গান্ধীর জীবনের একটি স্বল্পপরিচিত অধ্যায়।

রাজীবের পারিবারিক পরিচয়ের সাথে এই অভিজ্ঞতার ব্যবধান ছিল বিস্তর। ভারতে তার পরিবারকে ঘিরে ছিল রাষ্ট্রীয় ক্ষমতা, রাজনৈতিক প্রভাব ও ঐতিহাসিক উত্তরাধিকার। অথচ ইংল্যান্ডে তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল শ্রমিকের কাজ, সীমিত অর্থে চলা এবং নিজের খরচের জন্য উপার্জন করা।

একদিকে পড়াশোনা ও খণ্ডকালীন কাজ, অন্যদিকে সপ্তাহান্তে সোনিয়ার সাথে দেখা। এর মধ্যেই ভবিষ্যতের পরিকল্পনা করছিলেন রাজীব।

তবে নিজের পেশাগত ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেয়েও কঠিন একটি কাজ তখনো বাকি ছিল। সোনিয়ার বাবা-মায়ের সম্মতি আদায় করতে হবে।

যে মানুষটি একসময় মেয়েকে কেমব্রিজে ফিরতে দিতে চাননি, এবার তার কাছেই মেয়ের হাত চাইতে হবে রাজীবকে।

আবারও বিদায়ের মুখে দুজন

জুনে সোনিয়ার ভাষা শিক্ষার কোর্স শেষ হয়ে এলো। এবার তাকে ইতালিতে ফিরে যেতে হবে। ইংল্যান্ডে থাকার সময় কিছুটা বাড়িয়ে জুলাই পর্যন্ত থেকে গেলেও শেষ পর্যন্ত বিদায়ের মুহূর্ত এড়াতে পারলেন না তিনি।

এর আগেও একবার কেমব্রিজ ছেড়ে ইতালিতে ফিরেছিলেন সোনিয়া। সেবার বাবার আপত্তিতে ইংল্যান্ডে ফেরাই অনিশ্চিত হয়ে পড়েছিল। বাড়িওয়ালি পিচিনা নরিসের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সেই বাধা পেরিয়ে আসতে পেরেছিলেন তিনি।

এবারের পরিস্থিতি ছিল ভিন্ন। রাজীব নিজেই ইংল্যান্ড ছেড়ে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। ফলে সোনিয়া আবার কেমব্রিজে ফিরতে পারলেও তাদের আগের জীবন ফিরে পাওয়ার নিশ্চয়তা ছিল না।

অশ্রুসিক্ত বিদায়ের পর ইতালিতে ফিরে গেলেন সোনিয়া। পরিবারের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন।

কিন্তু এবার আর রাজীবের কথা গোপন করে রাখার সুযোগ ছিল না। তাদের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পরিবারের সাথে সরাসরি কথা বলতেই হবে।

অবশেষে বাবার মুখোমুখি সোনিয়া

আগস্টের শেষ দিকে প্রথমে মায়ের সাথে কথা বললেন সোনিয়া। এরপর মুখোমুখি হলেন বাবা স্তেফানো মাইনোর।

আগেরবার ভারতীয় এক তরুণের সাথে মেয়ের সম্পর্কের কথা জেনে ক্ষোভে টেবিলে মুষ্টাঘাত করেছিলেন স্তেফানো। মেয়ের কেমব্রিজে ফেরার পথও বন্ধ করে দিতে চেয়েছিলেন।

সেই অভিজ্ঞতার পর আবারও বাবার সামনে একই প্রসঙ্গ তোলা সহজ ছিল না। তবু এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন সোনিয়া।

বাবাকে জানালেন, ভারতীয় তরুণটিকে তিনি ভালোবাসেন। রাজীবও তাকে ভালোবাসেন। আর রাজীব ইতালিতে এসে তাদের সাথে দেখা করতে চান।

মেয়ের কথা শোনার পর কিছুক্ষণ নীরব ছিলেন স্তেফানো। তবে আগের বারের মতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন না।

রাজীব যে নিজে এসে পরিবারের সাথে দেখা করতে চাইছেন, বিষয়টিকে ভালো আচরণের পরিচয় হিসেবেই দেখলেন তিনি। জানালেন, রাজীব আসতে চাইলে তিনি বাধা দেবেন না। তবে এই সাক্ষাতের অনুমতিকে যেন এর চেয়ে বেশি কিছু হিসেবে ধরে নেওয়া না হয়।

অর্থাৎ, দেখা করার অনুমতি মিলল; বিয়ের সম্মতি নয়।

তবু রাজীব-সোনিয়ার জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ অগ্রগতি। এতদিন যে সম্পর্কের কথা বাবার সামনে তোলাই কঠিন ছিল, এবার সেই সম্পর্কের মানুষটির জন্যই মাইনো পরিবারের দরজা খুলতে চলেছে।

এবার ইতালির পথে রাজীব

রাজীবের ভারতযাত্রার আগে ইতালিতে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হতে শুরু করল। সোনিয়া তখনো ইতালির তৎকালীন আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক হননি। ফলে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে পারিবারিক সম্মতির গুরুত্ব ছিল অনেক।

রাজীবের উদ্দেশ্য ছিল সোনিয়ার বাবা-মায়ের সাথে পরিচিত হওয়া, তাদের আস্থা অর্জন করা এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কথা বলা।

তবে ইতালিতে পৌঁছানোর পথটিও যে এতটা কঠিন হয়ে উঠবে, তা তখন হয়তো কেউই ভাবেননি।

পুরোনো একটি গাড়ি নিয়ে যাত্রা শুরু করবেন রাজীব। পথে বরফঢাকা পাহাড়ি এলাকায় বিকল হয়ে পড়বে সেই গাড়ি। নানা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছাবেন প্রেমিকার পরিবারের কাছে।

আর সেখানে রাজীবের জন্য অপেক্ষা করবে স্তেফানো মাইনোর সাথে সেই বহুপ্রতীক্ষিত সাক্ষাৎ।

পরের পর্বে: বরফঢাকা পাহাড়ে বিকল গাড়ি, তবু থামেননি রাজীব- প্রেমিকার বাবার মন জিততে ইতালি সফরের গল্প।

গ্রন্থনা: যোবায়ের আহমদ।