...|...|...

সারাদেশ

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের ৫ বছরের কারাদণ্ড

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের ৫ বছরের কারাদণ্ড

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৫৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১১:২৪
Shares
মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের ৫ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানসহ দুজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সাথে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে লালমনিরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং একই উপজেলার রোজবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ফেনসিডিলসহ হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।  দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জিন্নাত আরা ফেরদৌসী রোজি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।  জনপ্রতিনিধি হলেও অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই—আইনের শাসনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে।