...|...|...

বিশ্ব

মমতার পর এবার আটক দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৮
Shares
মমতার পর এবার আটক দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির লোধি এস্টেট এলাকায় তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে ‘দিল্লি চলো’ আহ্বান জানানোর কয়েক মিনিট পরই কেজরিওয়ালকে আটক করা হয়। যন্তর মন্তরে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

আটক হওয়ার আগে একটি বাস থেকে ভিডিও শেয়ার করেন কেজরিওয়াল। ভিডিওতে তিনি জানান, দিল্লি পুলিশ তাকে, আপ নেতা সঞ্জয় সিংসহ দলের অন্য নেতাদের আটক করেছে। এ সময় বাসে থাকা বিক্ষোভকারীদের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শোনা যায়।

আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘এই স্বৈরাচারকে আমরা ভয় পাব না।’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আয়োজিত এই কর্মসূচিকে ঘিরেই এ ঘটনা ঘটে।

এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আটক করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। এবার কেজরিওয়ালকে আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।