কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে নানা উচ্চাভিলাষী মন্তব্যের পর এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেলসম্পদ নিয়ে করা একটি চুক্তির প্রশংসা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় উপকূলের একটি তেলবাহী জাহাজের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, সেটিতে ভেনেজুয়েলা থেকে আসা ১০ লাখ ব্যারেল তেল রয়েছে।
সমাবেশে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে এবং খুব শিগগিরই দেশটি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যেতে পারে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। ভেনেজুয়েলার সাথে হওয়া তেল চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় তেলবিজয়’ আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেন, এই তেল যুক্তরাষ্ট্রে আনতে মার্কিন করদাতাদের কোনো অর্থ খরচ করতে হচ্ছে না।
উল্লেখ্য, গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের পর ওয়াশিংটন দেশটির অন্তর্বর্তী সরকারের সাথে তেল চুক্তি করে। তবে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারে ট্রাম্প প্রশাসন যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না বলে সমালোচকরা অভিযোগ করে আসছেন।
এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দেওয়া, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ এবং পানামা খালের নিয়ন্ত্রণ মার্কিন হাতে ফিরিয়ে নেওয়ার কথা বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন ট্রাম্প।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে এবং জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত রাজনৈতিক চাপ সামলাতে ভেনেজুয়েলার তেল চুক্তিকে নিজের বড় সাফল্য হিসেবে ভোটারদের সামনে তুলে ধরছেন ট্রাম্প।

