...|...|...

রাজনীতি

ভেঙে দেওয়া হলো কুমিল্লা মহানগর জামায়াতের সংগঠন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, রাত ৯:৪৯
Shares
ভেঙে দেওয়া হলো কুমিল্লা মহানগর জামায়াতের সংগঠন

ছবি: সংগৃহীত

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার পর কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপাতত কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে মহানগর শাখার কার্যক্রম পরিচালিত হবে। একই সাথে ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে দুই সদস্যের তদন্ত কমিটি।

শুক্রবার (১৬ অক্টোবর) দলটির এক বিজ্ঞপ্তিতে সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে কুমিল্লা মহানগরী জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব দেওয়া হয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যালয়ে সংঘটিত ঘটনার বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬নং ধারার ৩নং উপধারার চ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে।’

এদিকে, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যালয়ে সংঘটিত সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার কারণ এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তা পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

নতুন সিদ্ধান্তের মাধ্যমে কুমিল্লা মহানগরী জামায়াতের সাংগঠনিক কার্যক্রম কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি তত্ত্বাবধানে নেওয়া হলো। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে।