...|...|...

সারাদেশ

সীমান্তে বিএসএফের হাতে দুই পুলিশ সদস্য আটক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, রাত ২:৪৫
Shares
সীমান্তে বিএসএফের হাতে দুই পুলিশ সদস্য আটক

ছবি: সংগৃহীত

মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সীমান্তের কাছাকাছি এ ঘটনা ঘটে। আটক সদস্যদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মাধ্যমে প্রক্রিয়া চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিলেন ব্রাহ্মণপাড়া থানার একদল পুলিশ সদস্য। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাকে ধরতে ধাওয়া করেন কনস্টেবল রোহিত দেওয়ান।

ধাওয়ার একপর্যায়ে সীমান্ত এলাকায় থাকা ভারতীয় নাগরিকরা রোহিত দেওয়ানকে আটক করেন। পরে তাকে ছাড়িয়ে আনতে এগিয়ে গেলে দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়।

ঘটনার পর সেখানে বিএসএফকে ডাকা হয়। আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট পর্যায়ে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।