...|...|...

রাজনীতি

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতি অপূরণীয়: বিমানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩২
Shares
দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতি অপূরণীয়: বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা কঠিন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তার দাবি, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হলেও জনগণ তা হতে দেয়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। ইরান ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিসহ আন্তর্জাতিক নানা কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। তার ভাষ্য, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের পাশাপাশি গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময় দেশের ক্ষতি হয়েছে এবং গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের সময়ও দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপে ডিজেলের দাম বাংলাদেশের মুদ্রায় প্রতি লিটার প্রায় সাড়ে ৩০০ টাকা। এ পরিস্থিতিতে দেশের কিছু মানুষ সাধারণ মানুষকে উসকে দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে উৎসাহিত করছে বলে অভিযোগ করেন তিনি।

মন্ত্রী আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বট অ্যাকাউন্টের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সরকার ও প্রশাসনের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

জনগণের স্বস্তি নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরে রশিদুজ্জামান মিল্লাত বলেন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দলের কেউ অনৈতিক বা খারাপ কাজে জড়িত হলে তাকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ জন্য সবার সহযোগিতা চান মন্ত্রী।

অনুষ্ঠান শেষে মন্ত্রী পরিষদ চত্বরে অর্জুন গাছের চারা রোপণ করেন। এ ছাড়া পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এতে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।