...|...|...

খেলা

ভিনিসিয়ুসকে রিয়াল মাদ্রিদের আলটিমেটাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, রাত ২:১৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সকাল ১০:২৪
Shares
ভিনিসিয়ুসকে রিয়াল মাদ্রিদের আলটিমেটাম

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে দীর্ঘ আলোচনার টানাপোড়েন এবার ইতি টানতে চায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে তাকে চূড়ান্ত প্রস্তাব জানিয়ে দেওয়া হয়েছে এবং রিয়ালে থাকার ইচ্ছা থাকলে এই প্রস্তাব মেনেই সই করতে হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, চুক্তির শর্তাবলি না মানলে চলতি দলবদল উইন্ডোতেই তাকে বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করছে মাদ্রিদের ক্লাবটি।

ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে আগামী বছরের ১ জানুয়ারির আগেই বিষয়টির ফয়সালা না হলে ব্রাজিলিয়ান তারকা প্রাক-চুক্তি (প্রি-কন্ট্রাক্ট) অনুযায়ী ফ্রি ট্রান্সফারে দল ছাড়ার সুযোগ পাবেন। এমন ঝুঁকি এড়াতে ২০২৬-২৭ মৌসুম শুরুর আগেই চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় রিয়াল।

ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, বেতন বা অন্য কোনো শর্তে আর নতুন করে পরিবর্তন আনা হবে না। কোচ জোসে মরিনিয়োর নতুন প্রকল্পে ভিনি থাকবেন কি না, তা আগামী কয়েক দিনের আলোচনায় নিশ্চিত হওয়া যাবে।

এদিকে স্প্যানিশ দৈনিক ‘এএস’-এর তথ্যমতে, ভিনিসিয়ুস মাদ্রিদেই থেকে যেতে আগ্রহী। তবে নতুন কোচের অধীনে নিজের ভূমিকা এবং দলে তার গুরুত্ব অনুযায়ী উপযুক্ত বেতন বৃদ্ধির দাবি তুলেছেন তিনি। গত মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকে আক্রমণভাগে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ক্লাব কর্তৃপক্ষের ওপর কিছুটা অসন্তুষ্ট তিনি। তবে রিয়ালের সাথে জটিলতার এই সুযোগটি লুফে নিতে নজর রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব আর্সেনাল ও লিভারপুল।

২০১৮ সালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে আসার পর রিয়ালের জার্সিতে দারুণ সাফল্য পান ২৫ বছর বয়সি এই তারকা। ক্লাবটির হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ জয়ের ফাইনালেই গোল করার পাশাপাশি ২০২৪ সালে ফিফার বর্ষসেরা 'দ্য বেস্ট' পুরস্কার জিতেন ভিনি। তার বর্তমান চুক্তিতে ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে।