ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটির এ দুই নেতা জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।
শুক্রবার বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
একপর্যায়ে কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীদের মিছিল থেকে উসকানিমূলক আচরণের অভিযোগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় কয়েকটি দোকানপাট।
সংঘর্ষের একপর্যায়ে উপজেলা বিএনপির কার্যালয়েও হামলা ও ভাঙচুর চালানো হয়। কার্যালয়টি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পৃথকভাবে আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

