নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ন্ত্রণ হারানো একটি বালুবাহী ট্রাকের চাপায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় একই মসজিদের মুয়াজ্জিনসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছ বাজারসংলগ্ন সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মসজিদের ইমাম ছিলেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলার দরিচর এলাকার আব্দুল মতিনের ছেলে। নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন তিনি।
আহতরা হলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাইনবোর্ড থেকে ভূঁইঘরগামী একটি খালি বালুবাহী ট্রাক দ্রুতগতিতে সার্ভিস লেনে প্রবেশ করে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে থাকা পথচারী, দোকানপাট ও দুটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আকরাম হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ট্রাকের চাকার নিচ থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে রেকারের সাহায্যে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


