চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থী জুবায়েরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
জুবায়ের (১৬) ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জুবায়ের বাড়িতে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি বাড়ির গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুবায়েরের বন্ধু শাকিল জানান, দুপুরে বাড়িতে থাকার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্ধু ও স্বজনরা হাসপাতালে গিয়ে তাকে আর জীবিত পাননি। বাড়ির গ্রিলের সঙ্গে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যদের অজানা ছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আফরিনা ইসলাম বলেন, নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


