ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসের পাশের একটি বাগান থেকে আটক করেছেন স্থানীয়রা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে দুই পরিবারের উপস্থিতিতে তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদ্রাসা মসজিদসংলগ্ন কাঁঠালবাগানের ভেতর থেকে ওই শিক্ষার্থী যুগলকে আটক করা হয়।
আটক দুজনের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং অপরজন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে ওই দুই শিক্ষার্থী রাতের বেলা এলাকার বিভিন্ন বাগানে আসা-যাওয়া করছিলেন। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে এলেও এর আগে তাদের আটক করা সম্ভব হয়নি। শুক্রবার রাত ৮টার পর তারা বাগানের ভেতরে দুই ঘরের মাঝামাঝি একটি স্থানে অবস্থান করলে স্থানীয়রা তাদের আটক করেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা এবং ওই দুই শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীর লিখিত সম্মতির ভিত্তিতে তাদের পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রক্টরিয়াল বডি। সে অনুযায়ী আজ দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হবে।
আটক ছাত্র বলেন, গত ৭/৮ মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। তাছাড়া আমি ওই মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে রাজি আছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমরা তাদেরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা ওই দুই শিক্ষার্থীর পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করব।


