দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে আবারও দেখা মিলেছে মায়া হরিণের।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসের খালেদা জিয়া হলসংলগ্ন পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় হরিণটির দেখা মিলে।
একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় ও বনাঞ্চলে মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর নিয়মিত বিচরণ ছিল। তবে গত কয়েক বছরে ক্যাম্পাসে হরিণের দেখা পাওয়া অনেকটাই কমে এসেছে। ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে চবি প্রাণিবিদ্যা বিভাগের তথ্যের বরাতে বলা হয়, ২০১০ সালের আগেও ক্যাম্পাসে হরিণের বিচরণ চোখে পড়ার মতো ছিল। পরবর্তীতে তা কমে যায়।
এর আগে ২০১৮ সালের ৩০ আগস্ট চবি বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের একটি ল্যাবের জানালার গ্রিলে আটকে পড়া একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছিল। এটি ক্যাম্পাসে মায়া হরিণ নিয়ে নথিভুক্ত সাম্প্রতিক ঘটনাগুলোর একটি।
বাংলাদেশে মায়া হরিণ (Muntiacus muntjak) বিপন্ন (Endangered) প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। আইইউসিএনের তথ্য অনুযায়ী, আবাসস্থল কমে যাওয়া ও এর গুণগত মানের অবনতিসহ বিভিন্ন কারণে বাংলাদেশে এ প্রজাতির সংখ্যা কমেছে।
দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ও বনাঞ্চলসংলগ্ন এলাকায় মায়া হরিণের দেখা মেলায় ক্যাম্পাসের জীববৈচিত্র্য নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।


