...|...|...

সারাদেশ

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকলেট পাচ্ছে: শাহে আলম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ৮:১৯
Shares
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকলেট পাচ্ছে: শাহে আলম

বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকলেট পাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিয়েছেন যে, বিরোধী দল খাচ্ছে চকলেট আর সরকারি দল খাচ্ছে বিরিয়ানি। আমি এর জবাবে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকলেট পাচ্ছে। এর আগে বিএনপি বিরোধী দলে ছিল। চকলেট কেন? আমাদেরকে বসারই জায়গা দেয়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মীর শাহে আলম বলেন, নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। নির্বাচনের মধ্যে দুর্গা উৎসবে যেভাবে গিয়ে আপনারা ঢাকের তালে নেচেছেন রোজা এবং পূজাকে এক করেছেন এবং পূজামণ্ডপে যেভাবে ঘুরাঘুরি করেছেন আমরা কিন্তু এইবার আপনাদের কোনো পূজামণ্ডপে দেখিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলকে শুধু এটুকুই বলব বাকস্বাধীনতার মধ্যে বক্তব্যের শালীনতা যেন থাকে। এটা আমি বিনয়ের সাথে অনুরোধ করব।

বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দেশের মানুষ ও ভোটাররা তা ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি বাংলাদেশি জাতীয়বাদকে ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো ধর্ম, কোনো বিশেষ গোষ্ঠী বা কাউকে পুঁজি করে রাজনীতি করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নাই। আমরা দেশের সকল ধর্ম, মানুষ, জাতিগোষ্ঠী থেকে শুরু করে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম এবং বাংলাদেশের পাহাড়ি থেকে শুরু করে যারা বসবাস করেন সবাই বাংলাদেশি। সবাইকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করতে চাই।

জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে বিরোধী দল সংসদে বক্তব্য দিচ্ছে। এ ক্ষেত্রে সরকারকে সময় দেওয়া উচিত। অথচ সংসদের বাইরে গিয়ে তারা ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে লংমার্চ করছে।

তিনি বলেন, তেল ও গ্যাসের দাবিতে লাখ লাখ টাকা খরচ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।