...|...|...

খেলা

পেরুর বিপক্ষে ৯-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের যুবাদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৯
Shares
পেরুর বিপক্ষে ৯-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের যুবাদের

ছবি: সংগৃহীত

পেরুর বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল দল। প্রতিপক্ষের জালে একে একে ৯ বার বল পাঠিয়েছে সেলেসাওদের তরুণ ফুটবলাররা। বিপরীতে পুরো ম্যাচে একটি গোলও করতে পারেনি পেরু। ব্রাজিলের এই বড় জয়ে হ্যাটট্রিক করেছেন আন্দ্রে। এছাড়া জোড়া গোল পেয়েছেন রোবিনহো জুনিয়র। 

সোমবার (১৬ নভেম্বর) বেলেমের ম্যাঙ্গেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পেরুকে ৯-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গ্লোবো এস্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধে দুটি গোল করলেও বিরতির পর আরও সাতবার প্রতিপক্ষের জালে বল পাঠায় তারা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে পেরুকে চাপে রাখে ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে ইংল্যান্ডে জন্ম নেওয়া মাতেউস ফেরেইরা বাম দিক দিয়ে বল নিয়ে এগিয়ে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন। ব্রাজিলের জার্সিতে অভিষেক ম্যাচেই গোলের দেখা পান এই ফুটবলার।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভাস্কোর তরুণ ফরোয়ার্ড আন্দ্রে। বক্সের মধ্যে বল পেয়ে শরীর ঘুরিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধে আরও গোলের সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। তবে মাতেউসের পাস থেকে আন্দ্রের নেওয়া শট আটকে দেয় পেরুর রক্ষণভাগ।

বিরতির পর মাঠে নেমেই গোলের গতি বাড়ায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে সতীর্থের ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন আন্দ্রে। কিছুক্ষণ পর বল নিয়ন্ত্রণে নিয়ে আবারও জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড।

এরপর স্কোরশিটে নাম লেখান রোবিনহো জুনিয়র। মাতেউস ফেরেইরার ক্রস থেকে হেডে দলের পঞ্চম গোলটি করেন তিনি। পরে বাঁ দিক থেকে বল পেয়ে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন এই তরুণ। গোলের পর ডিগবাজি দিয়ে উদ্‌যাপনে মাতেন রোবিনহো।

ব্রাজিলের সপ্তম গোলটি আসে পেনাল্টি থেকে। স্পটকিক কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান জুয়ান নুনেস। এরপর পেরুর গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৮-০ করেন ইউরি লেলেস।

ম্যাচের শেষ দিকে ব্রাজিলের আক্রমণ থেকে আসা ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান পেরুর ডিফেন্ডার পেরেদা। তাতেই ৯-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলের যুবারা।