...|...|...

খেলা

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন ফরাসি ফুটবল প্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৫
Shares
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন ফরাসি ফুটবল প্রধান

ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হিসেবে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালোকে সমর্থন দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটির ৫৫টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে দিয়ালোর প্রতি সমর্থন জানিয়ে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে উয়েফা এ তথ্য জানায়। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দিয়ালোকে আমন্ত্রণ জানানো হয়েছে। উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফরাসি ফুটবল ফেডারেশনের এক সভায় তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কথা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফা কংগ্রেসে ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবেন।

৬৩ বছর বয়সী দিয়ালো ২০২৩ সালের জানুয়ারি থেকে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। সাবেক সভাপতি নোয়েল ল্য গ্রায়েত একাধিক বিতর্কের মুখে পদত্যাগ করলে প্রথমে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান তিনি। পরে ২০২৩ সালের জুনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সালের ডিসেম্বরে নতুন করে চার বছরের জন্য দায়িত্ব পান দিয়ালো।

সেনেগালিজ বক্সিং চ্যাম্পিয়নের ছেলে দিয়ালোর জন্ম ফ্রান্সের আটলান্টিক উপকূলের শহর সাঁ-নাজেয়ারে। ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়তে উয়েফার সমর্থন পাওয়ায় এবার তার প্রার্থিতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

স্লোভেনীয় সভাপতি আলেকসান্দার সেফেরিনের নেতৃত্বে উয়েফার সাথে ইনফান্তিনোর বিরোধ দীর্ঘদিনের। গত জুলাইয়ের শেষ দিকে বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কথা জানান ইনফান্তিনো। এ ঘোষণার পর দুই পক্ষের বিরোধ আরও প্রকাশ্য রূপ নেয়।

তীব্র সমালোচনার মুখে অবশ্য দ্রুত ওই পরিকল্পনা থেকে সরে আসেন ফিফা সভাপতি। তবে এরপরও সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য ‘অপরাধমূলক অব্যবস্থাপনার’ অভিযোগের পক্ষে প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে উয়েফা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদালতেরও দ্বারস্থ হয়েছে সংস্থাটি।

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়ার মতো উপযুক্ত প্রার্থী খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছিল উয়েফাকে। এর আগে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানির নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসে। তবে পরে কানাডীয় এই কর্মকর্তা নিজের কনফেডারেশনের সভাপতি হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে, ৪৭টি সদস্য দেশের প্রতিনিধিত্বকারী এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গত মাসেই ইনফান্তিনোকে পুনর্নির্বাচনের জন্য সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।

গত সেপ্টেম্বরে দিয়ালো জানিয়েছিলেন, ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করছে ফরাসি ফুটবল ফেডারেশন। তখন তিনি বলেছিলেন, 'আমরা মনে করি, ফিফা সভাপতির ওপর যে আস্থা রাখা হয়েছিল, তার মর্যাদা তিনি রাখতে পারেননি। বিশ্ব ফুটবলের পরিচালনাব্যবস্থা যেভাবে পরিকল্পনা করা হচ্ছে, তা আর আমাদের প্রতিনিধিত্ব করে না।'

উয়েফার সাবেক মহাসচিব ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার তার পুনর্নির্বাচনের পথে বড় চ্যালেঞ্জ হয়ে আসতে পারে দিয়ালোর প্রার্থিতা।