ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ঘিরে নতুন করে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। সাও পাওলোর একটি ব্যক্তিগত পার্টিতে ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা ভার্জিনিয়া ফনসেকার সাথে তার ঘনিষ্ঠ সময় কাটানোর খবর প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম। তবে এমন খবরকে ভিত্তিহীন দাবি করে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন নেইমার। ভার্জিনিয়ার পক্ষ থেকেও অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও মেত্রোপলিসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ নভেম্বর সাও পাওলোতে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নেইমার ও ভার্জিনিয়াকে ঘিরে এই ঘটনা ঘটে। সাংবাদিক ফ্যাবিয়া অলিভেইরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে ছিল কঠোর নিয়ন্ত্রণ। অতিথিদের মোবাইল ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা ছিল বলে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনুষ্ঠানে ভার্জিনিয়াকে নেইমারের কোলে বসতে এবং তার সাথে নাচতে দেখা গেছে।
এ ছাড়া অনুষ্ঠানে নেইমার মাইক্রোফোন হাতে নিয়ে ভার্জিনিয়াকে বন্ধুদের দেওয়া ‘ভাইপার’ ডাকনামে সম্বোধন করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুজনের অতিরিক্ত মদ্যপানের দাবিও উঠে এসেছে এসব খবরে।
তবে সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরই তা নাকচ করে দেয় ভার্জিনিয়ার পক্ষ। তার প্রতিনিধির পাঠানো এক বিবৃতিতে পুরো ঘটনাকে মিথ্যা বলে উল্লেখ করা হয়। একই সাথে ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জনের মুখে পড়া তার জন্য নতুন কিছু নয় বলেও জানানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। তিনি বলেন, ‘কোনো একজনের সাথে আমার সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে শুরু করেছে। আমি এটি প্রত্যাখ্যান করছি। আমি এটা অস্বীকার করছি! এমন এক সময়ে বাস করা সত্যিই দুঃখজনক, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতিকে কেন্দ্র করে গড়ে ওঠা আলোচনায় বেশি আগ্রহী। আমার দল ইতিমধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, কিন্তু বিষয়টির অবসান ঘটাতে আমি নিজে থেকে মুখ খোলাটা জরুরি মনে করেছি।’
নিজের প্রতিক্রিয়ায় নেইমার আরও লেখেন, ‘আমি সাধারণত এমন সব গল্প তৈরি হলে কিছু করি না। কিন্তু তারা এবার সব সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’



