ক্রিকেটে বয়সের বাধা পেরিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে গড়েছেন একাধিক রেকর্ড। এবার তার চোখ টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে ২০০ রান করার দিকে। এই কীর্তি গড়তে পারলে ভাঙতে হবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড। গেইলের রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ ব্যাটার।
সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের সাথে ‘দ্য সুইচ’ অনুষ্ঠানে আলাপকালে নিজের এই লক্ষ্যের কথা জানিয়েছেন সূর্যবংশী। সেখানে তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই।’ এ সময় পিটারসেন তাকে টি-টোয়েন্টিতে গেইলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের কথা মনে করিয়ে দেন।
এর জবাবে গেইলের রেকর্ড ভাঙার প্রত্যয় ব্যক্ত করেন সূর্যবংশী। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তার রেকর্ড ভেঙে ২০০ রান করতে চাই। কোনো ম্যাচে যদি ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পাই, তাহলে নিশ্চিতভাবেই সেই রেকর্ড ভাঙতে পারব।’
সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন সূর্যবংশী। মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন এই ব্যাটার। মাত্র ২৮ বলে শতক এবং ৫২ বলে দ্বিশতক পূর্ণ করেন তিনি। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর এবার টি-টোয়েন্টিতেও বড় কিছুর স্বপ্ন দেখছেন সূর্যবংশী।
অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি এখনো ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন তিনি। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সেই রেকর্ড অক্ষত রয়েছে।
আইপিএলসহ বয়সভিত্তিক ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ইতিমধ্যে আলোচনায় এসেছেন সূর্যবংশী। এবার তার লক্ষ্য টি-টোয়েন্টিতে গেইলের রেকর্ড ছাড়িয়ে যাওয়া। ১৫ বছর বয়সেই এমন উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য সামনে রেখে কতটা সফল হন এই তরুণ, সেটিই দেখার বিষয়।


