প্রথম ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমান। তবে ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে নেমে মাত্র ১২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে দুবাই ক্যাপিটালস।
বুধবার (২৫ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেজার্ট ভাইপার্সকে ৪৫ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। আগে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে দুবাই। জবাবে ১৩ বল হাতে রেখেই ১১৯ রানে অলআউট হয়ে যায় ভাইপার্স।
আগের ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছিল দুবাই ক্যাপিটালস। সেই ম্যাচে মোস্তাফিজ ৪ ওভার বোলিং করে দিয়েছিলেন ৩৭ রান। তবে দ্বিতীয় ম্যাচে নিজের বোলিংয়ে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছেন তিনি।
ম্যাচের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন মোস্তাফিজ। ওই ওভারে মাত্র ৬ রান দিয়ে সাজঘরে ফেরান পাকিস্তানের ওপেনার ফখর জামানকে। তার স্লোয়ার বুঝতে না পেরে পয়েন্টে ক্যাচ তুলে দেন ফখর। পরে মুজিব উর রহমানকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন বাংলাদেশের এই পেসার। সব মিলিয়ে ২.৫ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট পান তিনি।
মোস্তাফিজের পাশাপাশি দুবাইয়ের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আফগান স্পিনার নূর আহমেদ। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া হাসান খান ও দুশমন্ত চামিরা নেন ২টি করে উইকেট।
এদিকে এই দুই উইকেটের সুবাদে স্বীকৃত টি-টুয়েন্টিতে মোস্তাফিজের মোট উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৪২৫। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে। তবে এখনো সেরা দশে জায়গা হয়নি তার। এই তালিকায় তার ওপরে রয়েছেন আরও ১১ জন বোলার। তাদের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন ষষ্ঠ স্থানে। তার উইকেটসংখ্যা ৫২৫।
দুবাই ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে। প্রথম জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেই ম্যাচে মাঠে নামবেন মোস্তাফিজরা।


