পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শুরুর আগমুহূর্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের জন্য তারা একত্রিত হচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন।
আহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।
হামলায় আহতদের বিকেল সাড়ে ৫টার পর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।
ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে অভিযুক্ত মিলন চৌধুরী বা কাকন বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


