মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পালরদী নদীর তীব্র ভাঙনে "কালকিনি-ফাসিয়াতলা" সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এরই মধ্যে সড়কের বেশকিছু অংশ ভেঙে নদীতে চলে গেছে, ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার আলীনগর ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকিনি-ফাঁসিয়াতলা পাকা সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করে থাকেন। কিন্তু বর্তমানে নদীর ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সড়কটির বড় একটা অংশ ভেঙে পড়েছে। এমতাবস্থায় সড়কটি সম্পূর্ণ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর তীরবর্তী এই পাকা সড়কটির সুরক্ষায় স্থানীয়ভাবে কিছু স্থানে বাঁশ ও নিরাপত্তা বেষ্টনী দেওয়ার চেষ্টা করা হলেও ভাঙনের তীব্রতা বাড়ায় তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
জরুরিভাবে এই ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন,পথচারী জামাল সরদার ও শিক্ষার্থী সালাম বেপারী বলেন, আমরা সবাই আতঙ্কে আছি কখন যেন সড়কটি সম্পূর্ণ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জরুরিভাবে ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ভোগ নেমে আসবে।
এই বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসোর কুমার দাশ বলেন, নদী ভাঙনের ফলে সৃষ্ট দুর্ভোগ কমাতে পৌরসভার পক্ষ থেকে নতুন স্কিম গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যেই তা টেন্ডারের পর্যায়ে রয়েছে। আশা করছি অতিদ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে সক্ষম হবো।


