ডিসেম্বর মাস সামনে রেখে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সীমান্তপথে কোনো ‘অবৈধ বা বিতর্কিত ব্যক্তি’ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ডিসেম্বরে কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি যেন দেশে প্রবেশ করতে না পারেন, পাশাপাশি পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক যেন সীমান্ত দিয়ে আসতে না পারে, সেই লক্ষ্যেই তিনি বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং এসব অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চেয়েছেন বিজিবি প্রধান। মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, স্থানীয় মানুষের কাছে অনেক তথ্য থাকে। কারও যাতায়াত বা অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য পেলে তা বিজিবিকে জানাতে অনুরোধ করেন তিনি। তথ্য পাওয়া গেলে অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


