মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তোলা সম্ভব। এই যৌথ অঙ্গীকারের মাধ্যমে একটি সুস্থ-সবল বাংলাদেশ গড়ে তোলা হবে, যাতে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ ও দেশ রেখে যাওয়া যায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক র্যালি ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ নিয়ে এক আলোচনা সভা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু নিধন অভিযানের সূচনা করেছেন, তারই ধারাবাহিকতায় আজ আমরা এখানে এসেছি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী- সকলকে নিয়ে আমরা সমন্বিতভাবে কাজ করছি।
তিনি বলেন, আমরা আমাদের দেশকে পরিচ্ছন্ন করতে চাই। আমাদের স্বাস্থ্যনীতির মূল শক্তি হলো- ‘Prevention is better than cure’, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা চাই প্রাথমিক পর্যায়েই রোগ প্রতিরোধ করা হোক। ডেঙ্গুসহ সব মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সচিব বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন দেশ এবং সুন্দর ও বাসযোগ্য নগরী, শহর ও গ্রাম গড়ে তুলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে সফল করার জন্যই আমরা জেলা পর্যায়ে কাজ করছি।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তোলা সম্ভব। এই যৌথ অঙ্গীকারের মাধ্যমে একটি সুস্থ-সবল বাংলাদেশ গড়ে তোলা হবে, যাতে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ ও দেশ রেখে যাওয়া যায়।
জেলা প্রশাসনের আয়োজনে ও মুন্সিগঞ্জ পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, সিভিল জসার্জন ডা. সাজেদা বেগম, মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহারসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধান, বিডি ক্লিন, যুব রেড ক্রিসেন্টের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


