...|...|...

সারাদেশ

পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬

Times Today
প্রকাশ: ১৮ মে ২০২৬, বিকেল ৫:৩০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, রাত ১:১৭
Shares
পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬

পটুয়াখালীতে মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই সুপারি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় সুপারি পাচারের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গত শনিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সন্দেহভাজন চারটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে আনা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি জব্দ করা হয়। জব্দকৃত সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ সময় সুপারি পাচারের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

কোস্ট গার্ড আরও জানায়, জব্দকৃত সুপারি, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।