উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে রাত ও ভোরে অনুভূত হচ্ছে বেশি শীত। সকালে ঘাসের ওপর জমছে শিশির, বইছে হিমেল বাতাস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কমতে থাকায় শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। বের করছেন তুলে রাখা শীতের পোশাক।
বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় তেমন শীত অনুভূত হয় না। তবে সন্ধ্যা নামলেই পরিস্থিতি বদলে যায়। রাতে লেপ-কম্বল ব্যবহার করতে হচ্ছে। ভোরে বাইরে বের হলেও শীতের তীব্রতা টের পাওয়া যাচ্ছে।


