নেইমারের পর ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে রাফিনিয়াকে দিয়ে। বার্সেলোনার এই ফরোয়ার্ডকেই আসন্ন আন্তর্জাতিক সূচিতে আইকনিক জার্সিটি পরানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন চক্রের শুরুতেই তাই নেইমারের রেখে যাওয়া ১০ নম্বরের দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করে সিবিএফ। তালিকায় রাফিনিয়ার নামের পাশে রাখা হয়েছে ১০ নম্বর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।
ব্রাজিলের ১০ নম্বর জার্সির সাথে নেইমারের নাম দীর্ঘদিন ধরেই জড়িয়ে আছে। ২০২৬ বিশ্বকাপেও এই জার্সি ছিল তার গায়ে। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে ১০ নম্বর পরে খেলেছেন তিনি। এবার নতুন চক্রে সেই জার্সির দায়িত্ব যাচ্ছে রাফিনিয়ার কাছে।
তবে ১০ নম্বর জার্সি রাফিনিয়ার জন্য একেবারে অপরিচিত নয়। নেইমার না থাকায় ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও এই নম্বর পরে মাঠে নেমেছিলেন তিনি। অবশ্য ব্রাজিলের হয়ে বেশিরভাগ সময় তার পরিচিত নম্বর ছিল ১১।
নতুন নম্বর পাওয়ার সাথে বদল এসেছে আরও কয়েকজনের জার্সিতেও। রাফিনিয়ার পুরোনো ১১ নম্বর পেয়েছেন এস্তেভাও। ভিনিসিয়ুস জুনিয়র আগের মতোই থাকছেন ৭ নম্বরে। আর ৯ নম্বর জার্সি পেয়েছেন এনদ্রিক।
রাফিনিয়ার জন্য নতুন চক্রের শুরুটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তাকে এবার ব্রাজিলের সবচেয়ে ঐতিহ্যবাহী জার্সিগুলোর একটির দায়িত্ব নিতে হচ্ছে। কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ পরবর্তী নতুন যাত্রায় অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচগুলোতেই প্রথমবার ১০ নম্বর পরে দেখা যাবে এই বার্সেলোনা তারকাকে।


