অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল, আর এই ফলাফল নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কোচ কার্লো আনচেলত্তি এটিকে নেতিবাচকভাবে দেখতে নারাজ। পিছিয়ে পড়েও দল যেভাবে লড়াই করে ম্যাচে ফিরেছে, তাতে তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, শেষ পর্যন্ত মাঠ ছাড়তে পারায় এটিকে হার হিসেবে দেখছেন না তিনি। জয়ের মতো যথেষ্ট সুযোগও দলের সামনে ছিল বলে জানান তিনি, তবে প্রতিপক্ষের মাঠে খেলাটা কঠিন ছিল স্বীকার করে বলেন, গোল হজম করার পরও দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই ড্র প্রাপ্যই ছিল।
সংবাদ সম্মেলনে দুইবার সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ জানান আনচেলত্তি। তার ভাষ্য, জাতীয় দল কোনো নতুন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে না, বরং গত বছর মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে যে পথচলা শুরু হয়েছিল, সেটিই এগিয়ে নিচ্ছেন তিনি। পাশাপাশি আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
আনচেলত্তির কাছে এই মুহূর্তে তাৎক্ষণিক ফলাফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এনদ্রিক কিংবা এস্তেভাওয়ের মতো তরুণ প্রতিভাদের মাঠে সময় দেওয়া। তিনি জানান, এই প্রীতি ম্যাচগুলো মূলত নিজেদের যাচাই করে দেখার সুযোগ, বিশেষ করে যেসব খেলোয়াড় নিয়মিত সুযোগ কম পান তাদের পরখ করে দেখার জন্য। তার মতে, প্রতিটি ম্যাচকেই একেকটা পরীক্ষা হিসেবে দেখে সামনে এগোতে হবে।
তিনি আরও বলেন, এই পথেই এগিয়ে যেতে হবে দলকে এবং সমর্থকদের ধৈর্য ধরতে হবে, কারণ কোনো বড় বা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট এলে দল পুরোপুরি প্রস্তুত থাকবে। ম্যাচের মূল্যায়ন নিছক ভালো বা খারাপ বলে সীমাবদ্ধ না রেখে তিনি জানান, বেশ কিছু দিক ইতিবাচক ছিল এবং এগিয়ে যাওয়ার সুযোগও তৈরি হয়েছিল, তবে আক্রমণভাগে ফিনিশিংয়ে কিছুটা নিখুঁততার অভাব ছিল। এরপরও শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ায় দলের প্রশংসা করেন তিনি।
ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল, আর সেই ম্যাচের একাদশে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন আনচেলত্তি। আগেই তিনি জানিয়েছিলেন মিডফিল্ড ও আক্রমণভাগে পরিবর্তন আসতে পারে, এবার জানালেন দলের ফরমেশনেও রদবদল হতে পারে।
তার ভাষ্যমতে, দল হয়তো শুক্রবারের মতো একই কৌশলে খেলবে, অথবা তিনজন মিডফিল্ডার নিয়ে নতুন কৌশলে মাঠে নামবে। ভবিষ্যতে একাধিক কৌশল প্রয়োগ করে দলকে যাচাই করার পরিকল্পনার কথাও জানান তিনি।
একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত করলেও নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি আনচেলত্তি। তিনি শুধু জানান, বড় নয় বরং সামান্য কিছু পরিবর্তন আসবে, মূলত অন্য খেলোয়াড়দের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত।


