...|...|...

বিশ্ব

নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ভোর রাত ৪:৩৮
Shares
নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মার্কিন অর্থনীতিকে মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট থেকে বাঁচাতে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর রাশিয়া থেকে অবিলম্বে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সাথে চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম হু-হু করে বাড়ে। সাধারণ মানুষকে স্বস্তি দিতেই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এই সমঝোতা হয়েছে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, রাশিয়ার সঙ্গে চুক্তির আওতায় পর্যায়ক্রমে মোট ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। প্রথম ধাপে ৩ লাখ টন পৌঁছানোর পর আগামী নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তীতে আরও ১০ লাখ টন জ্বালানি মার্কিন ও বৈশ্বিক বাজারে আসবে। এর ফলে বিশ্ববাজারে ডিজেলের দাম দ্রুত কমবে বলে আশা ট্রাম্পের।

এদিকে রাশিয়ার ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই পদক্ষেপ নতুন বিতর্ক উসকে দিয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, রুশ ডিজেল বিশ্ববাজারে সরবরাহের সুবিধা দিতে মার্কিন অর্থ বিভাগ সাময়িক ছাড় ঘোষণা করেছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার সাথে এই সহযোগিতা ট্রাম্প প্রশাসনকে অভ্যন্তরীণ স্বস্তি দিলেও ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।