...|...|...

খেলা

নাটকীয় ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও হার এড়াল মেসির মায়ামি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৯
Shares
নাটকীয় ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও হার এড়াল মেসির মায়ামি

ছবি: সংগৃহীত

ম্যাচের শেষ দিকে জমে উঠল লড়াই। এক গোলের লিড নিয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পাওয়া হলো না ইন্টার মায়ামির। উল্টো পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে গোল করে হার এড়াল লিওনেল মেসির দল। এফসি সিনসিনাতির বিপক্ষে ম্যাচের শেষ ১০ মিনিটে হলো তিন গোল। শেষ পর্যন্ত দুই দলের লড়াই শেষ হয়েছে ২-২ সমতায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। এরপর লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মায়ামি। তবে সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। শেষ দিকে দুই গোল করে এগিয়ে গেলেও নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল হজম করে সিনসিনাতি। ম্যাচে মেসি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি।

স্পেনের রাজপরিবারের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করে মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। এর আগে ভ্রমণক্লান্তির কারণে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। সেদিন গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। মায়ামিও হেরেছিল ২-০ গোলে।

সিনসিনাতির বিপক্ষে ম্যাচে ৬১ মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে দেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। কিন্তু ৮০ মিনিটে কেনজি এমবোমা ডেমের গোলে সমতায় ফেরে সিনসিনাতি। এরপর মিনিট ছয়েকের ব্যবধানে স্যামুয়েল গিডির গোলে এগিয়ে যায় তারা।

ম্যাচের শেষ দিকে মনে হচ্ছিল, হার নিয়েই মাঠ ছাড়তে হবে মেসিদের। তবে নির্ধারিত সময়ের ৯০ মিনিটে গোল করে দৃশ্যপট বদলে দেন রিকুয়েলমে ফিলিপ্পি। বক্সের বাঁ প্রান্ত থেকে দূরের পোস্ট লক্ষ্য করে বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। এর আগে প্রায় একই জায়গা থেকে গোল করেছিলেন সুয়ারেজ। মেজর লিগ সকারে (এমএলএস) নিজের প্রথম গোলেই দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান ফিলিপ্পি।

এই ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা মায়ামির সামনে গুরুত্বপূর্ণ লড়াই অপেক্ষা করছে। দুই নম্বরে থাকা নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮, যা মায়ামির চেয়ে দুই বেশি। দুই দলেরই হাতে রয়েছে আরও দুটি করে ম্যাচ।

পরের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের মাঠে খেলতে যাবে মেসির দল। ওই ম্যাচের ফল ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে এমএলএস কাপের প্লে-অফে দ্বিতীয় সিড পাওয়ার লড়াইয়েও ম্যাচটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।