...|...|...

বিশ্ব

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১৭
Shares
দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

ছবি: সংগৃহীত

চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা হিসেবে আগামী ২৮ আগস্ট আকাশে দেখা মিলবে একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণের। এ সময় পৃথিবীর ছায়ায় চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে যাবে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অংশ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী ২৮ আগস্ট গ্রিনিচ মান সময় ভোর ৪টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ১২ মিনিট) চন্দ্রগ্রহণটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই প্রক্রিয়ায় গ্রহণটি যখন সর্বোচ্চ রূপ নেবে, তখন অবশিষ্টাংশ লালচে বা তামাটে বর্ণ ধারণ করবে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

আমেরিকা মহাদেশের অধিকাংশ এলাকা থেকে পুরো প্রক্রিয়াটি স্পষ্টভাবে দেখা গেলেও ইউরোপ ও আফ্রিকার দর্শকেরা কেবল সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এর আংশিক রূপ দেখতে পাবেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনে দেখা যাওয়া পূর্ণ সূর্যগ্রহণের ঠিক দুই সপ্তাহ পর এই চন্দ্রগ্রহণ ঘটতে যাচ্ছে। সূর্যগ্রহণের মতো এটি দেখার জন্য বিশেষ কোনো চোখের সুরক্ষার প্রয়োজন হয় না; সাধারণ বাইনোকুলার বা খালি চোখেই এ দৃশ্য উপভোগ করা যাবে।