...|...|...

রাজধানী

তিন ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৫
Shares
তিন ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও উত্তরার জসিমউদ্দিন এলাকায় পৃথক ঘটনায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে প্রায় তিন ঘণ্টার ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে বিমানবন্দর এলাকায় বিস্ফোরণে তিন পথচারী আহত হয়েছেন। তবে জসিমউদ্দিন এলাকার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত সোয়া ১০টার দিকে উত্তরার জসিমউদ্দিন এলাকায় ফুটপাতের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর প্রায় তিন ঘণ্টা পর রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গোলচত্বরসংলগ্ন বাহির গেটে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর এলাকায় বিআরটি উড়ালসেতুর ওপর থেকে গোলচত্বরসংলগ্ন বাহির গেটে ককটেল দুটি নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের সময় উড়ালসেতুর নিচে থাকা তিন পথচারী আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অন্যদিকে, জসিমউদ্দিন এলাকার ফুটপাতের ব্যবসায়ীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেখানে কেউ আহত হননি।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ বলেন, বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণে তিন পথচারী আহত হয়েছেন। তাদের পায়ে সামান্য আঘাত লেগেছে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। জসিমউদ্দিন এলাকাতেও পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে সেখানে কেউ আহত হননি।

তিনি আরও বলেন, দুটি ঘটনার কোনোটিতেই কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানবন্দর এলাকায় উড়ালসেতুর ওপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।