...|...|...

রাজধানী

গ্রেফতারের পর ডিবি হেফাজতে সাঈদ খোকন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
গ্রেফতারের পর ডিবি হেফাজতে সাঈদ খোকন

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।

এসআরবি সদর দফতরের একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির সূত্র জানায়, গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকে আসামি করা হয়েছে।

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশেও বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্রের তথ্যও পাওয়া গেছে।

ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা থাকায় সেগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়। অন্যথায় দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছিল।

এ ছাড়া ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।