...|...|...

সারাদেশ

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৩
Shares
তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর কারণ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব বিষয় জেনে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইনস্পেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাহসিফ সৌরির লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে এ অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত, গ্রেফতার, তদন্ত ও বিচার সম্পন্ন করার ক্ষেত্রে সরকার সফলভাবে কাজ করছে। তবে দুই-একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিএনপি ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমা হামলা বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। দলটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চাইলেও দেশের জনগণ তা গ্রহণ করবে না এবং সে সুযোগ দেবে না।

হতাহতের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের শাসনামলে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০-এর বেশি এবং তাদের হিসাব অনুযায়ী ২ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তিনি এসব ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেন।

তার অভিযোগ, এসব ঘটনার জন্য আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে জঙ্গিবাদী তকমা দেওয়ার চেষ্টা করেছে দলটি।

আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন আসতে চাইছে বা চাইছে না, তা নিয়ে সরকার মোটেও বিচলিত নয়। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে-ই আসুক না কেন, আইন অনুযায়ী তাকে হেফাজতে নেওয়া হবে।

পার্বত্য অঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। তবে মাঝেমধ্যে কিছু ঘটনা ঘটে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী আন্তরিকতার সাথে কাজ করছে।