...|...|...

সারাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে জ্বালানি সরবরাহ শুরু

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৫
Shares
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে জ্বালানি সরবরাহ শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রসাটমের ফুয়েল ডিভিশনের অধীন নোভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে তৈরি পারমাণবিক জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালান সম্প্রতি একটি বিশেষ কার্গো ফ্লাইটে বাংলাদেশে পৌঁছেছে।

এর আগে রূপপুরের প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি লোডিংয়ের জন্য প্রয়োজনীয় নতুন পারমাণবিক জ্বালানির সব চালান সাইবেরিয়া থেকে বাংলাদেশে পৌঁছায়। রিঅ্যাক্টরের প্রথম জ্বালানি চক্র শেষ হওয়ার পর এই পুনরায় জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালিত হবে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছানোর পর জ্বালানিবাহী কনটেইনারগুলো নির্ধারিত নতুন পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়। প্রযুক্তিগত মান ও পারমাণবিক নিরাপত্তার শর্ত পূরণ নিশ্চিত করতে প্রতিটি জ্বালানি অ্যাসেম্বলির বাধ্যতামূলক দৃশ্যমান ও যন্ত্রনির্ভর পরীক্ষা করা হবে।

পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তাবিধি কঠোরভাবে অনুসরণ করে এসব পরীক্ষা পরিচালনা করবে একটি যৌথ কমিশন। এতে বাংলাদেশ, প্রকল্পের প্রধান ঠিকাদার এবং জ্বালানি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন।

চলতি বছর রসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন রূপপুরের প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের কোরে প্রাথমিক পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন করে। এরপর চলতি অক্টোবরেই রিঅ্যাক্টরটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তিস্তরে পৌঁছায়। বিদ্যুৎ উৎপাদনের পথে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং পরবর্তী পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে প্রথম ইউনিটকে ধাপে ধাপে শক্তি বৃদ্ধির পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনও নিতে হবে।

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে রাশিয়ার নকশায় তৈরি তৃতীয় প্রজন্মের উন্নত প্রযুক্তির (জেনারেশন ৩+) দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে। কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির প্রধান নকশাকার ও ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে রসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন।