...|...|...

জাতীয়

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২
Shares
ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন বিজিবি সদস্য।

শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

এ ছাড়া বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সাথে দায়িত্ব পালন করছেন সদস্যরা।