...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৭২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৭
Shares
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৭২

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকার তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১০ হাজার ৩১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগ ও এলাকাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৯৯ জন, চট্টগ্রামে ২৬০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।