...|...|...

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১০
Shares
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৯২ জন। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে শনাক্ত ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জনের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর নেই। তবে একই সময়সীমায়, অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।