...|...|...

সারাদেশ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩

আশুলিয়া (সাভার) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩০
Shares
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩

ছবি: টাইমস টুডে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত তিনজন শ্রমিক আহত হয়েছেন।

আহত শ্রমিকরা হলেন- সিরাতুব, রেখা এবং সুইটি। তারা সকলেই 'নিউ এইজ গ্রুপের' কর্মী। তাদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও তিনটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ওই এলাকার ২২টি কারখানা বন্ধ রয়েছে।

সব মিলিয়ে শিল্পাঞ্চলের মোট ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান তিনি।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিকরাই নির্ধারিত সময়ে কাজে যোগ দেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অন্যান্য কারখানার মতো সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের-নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার পর উৎপাদন বন্ধ রেখে নিজ নিজ ফ্লোরে অবস্থান নেন।

সকাল পৌনে ৮টার দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বের হয়ে যান। তবে শ্রমিকদের একটি অংশ কারখানার ১ নম্বর গেটের সামনে জমায়েত হয়ে উত্তেজিত অবস্থায় স্লোগান দিতে থাকেন।

তিনি বলেন, এ সময় সাভার সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘আলিফ পরিবহনের’ একটি বাস নিউ এইজ গ্রুপের কারখানার সামনে দিয়ে যাচ্ছিল। তখন বাসে থাকা ছাত্র-ছাত্রীদের সঙ্গে জমায়েত হওয়া শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির গ্লাস ভাঙচুর শুরু করেন। শ্রমিকদের একাংশ পাশের আল মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে হাঙ্গামা করার চেষ্টা চালায়।

পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সতর্ক করে এবং উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে রাস্তায় পড়ে গিয়ে একজন নারী শ্রমিক মাথায় এবং অপর দুজন পায়ে আঘাত পান বলে জানান শিল্প পুলিশের এ কর্মকর্তা।

সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড, কমপ্লিট কম্পোজিট লিমিটেড এবং উচু ফ্যাশন লিমিটেড- কারখানার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ম্যাংগো টেক্স এবং সাদ গ্রুপের নাঈম নিটওয়্যার লিমিটেড ও সাদ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরেই অবস্থান করছেন।

এছাড়া সুসুকা নিট লিমিটেড, রেডিয়ান্স ফ্যাশন লিমিটেড, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, আউটলেট স্টিচ লিমিটেড, গ্রিন লাইফ নিটেক্স লিমিটেড, মণ্ডল নিটওয়্যার লিমিটেড, হংকুন লেদার কোম্পানি লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, এনভয় গ্রুপ এবং নেক্সট কালেকশন লিমিটেড- ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধ রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহল জোরদার রয়েছে।