...|...|...

সারাদেশ

ডাকসুর আরেক নেতার বাড়িতে আগুন, ঘরে ঘুমিয়ে ছিলেন বাবা-মা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৪
Shares
ডাকসুর আরেক নেতার বাড়িতে আগুন, ঘরে ঘুমিয়ে ছিলেন বাবা-মা

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন তার বাবা-মা।

সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহাজের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। 

তিনি লিখেছেন, আজ ভোররাতে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ভাইয়ের ময়মনসিংহের গফরগাঁও এর বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। ভিতরে মিনহাজ ভাই এর বাবা মা বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন। আল্লাহ রহম করেছেন তা না হইলে বড়সড় অঘটন ঘটত।

ঘটনার জন্য বিএনপি সরকারের সমালোচনা করে তিনি আরও লেখেন, এই অগ্নি সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই অগ্নিসন্ত্রাসের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

এর আগে, রবিবার ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার এক দিন না যেতেই ডাকসুর আরেক নেতার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠল।