ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। একই সাথে তার পরিচালিত মহিলা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
মাওলানা আব্বাস উদ্দিন ভোলার চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একটি মহিলা কওমি মাদ্রাসা পরিচালনা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে এক নারীর সাথে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে ওই নারীর মুখ স্পষ্ট নয়। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে জানতে চাইলে মাওলানা আব্বাস উদ্দিন বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মাওলানা আব্বাস উদ্দিন দাবি করেন, ভিডিওটি তার স্ত্রীর সাথে ব্যক্তিগত কথোপকথনের সময় ধারণ করা হয়েছিল। এটি তার মোবাইল ফোনে সংরক্ষিত ছিল। পরে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর ভিডিওটি ফাঁস হয়েছে বলে তিনি দাবি করেন। একই সাথে তিনি বলেন, একজন আলেম হিসেবে এ ধরনের আপত্তিকর আচরণ তার করা উচিত হয়নি।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তার বাড়ির ভেতরে একটি মহিলা মাদ্রাসা পরিচালিত হচ্ছে। ব্যক্তিগত ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আগেও নারীসংক্রান্ত অভিযোগ উঠেছিল বলে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেছেন।

