রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। তিনি জানান, এদিনই সুইডেন আসলামকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি আকতার হোসেন বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম আসায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা কতটুকু, তা তদন্ত শেষে জানা যাবে। নিয়ম অনুযায়ী তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।
বিদেশযাত্রার চেষ্টা এবং চার দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে ডিবির কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তার বিদেশযাত্রা ও দেশে ফেরার বিষয়ে বিস্তারিত তথ্য ইমিগ্রেশন পুলিশ দিতে পারবে।
সুইডেন আসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, এনএসআইয়ের নিষেধাজ্ঞা এবং অন্যান্য মামলার বিষয়ে জানতে চাইলে ডিসি আকতার হোসেন বলেন, বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার কিছু এখনো তদন্তাধীন। আবার কয়েকটি মামলায় পুলিশ প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। গ্রেফতারের পর সব বিষয় পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এক মাস ধরে তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে গোয়েন্দা নজরদারি ও গ্রেফতার অভিযান নিয়মিতভাবে পরিচালিত হয়। নজরদারির অর্থ কাউকে ছাড় দেওয়া নয়; বরং এটি গ্রেফতার প্রক্রিয়ারই অংশ। পরিস্থিতি ও সক্ষমতা অনুযায়ী গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম আসার পরই তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


