গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। পরে আরও ১৬টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রনের জন্য পৌঁছায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। পরে আগুনের শিখা ও ধোঁয়া বাড়তে থাকে। কারখানার ভেতরে থাকা ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট সরঞ্জাম ও বিভিন্ন মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কারখানার কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কারখানা ভবনটি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের তৈরি জানিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ভবনটিতে কাচও রয়েছে। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে আগুন নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ১৪টি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে আছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


