বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর বুধবার (১৪ অক্টোবর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে পৃথক দুটি বাসা থেকে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তারা নিখোঁজ হয়। পরে তাদের সন্ধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের কাজ শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
তিন শিক্ষার্থীকে উদ্ধারে বান্দরবান জেলা পুলিশের পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ, কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল আহমেদ এবং এএসআই মনসুর আলমসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা কাজ করেন। তাদের সমন্বিত তৎপরতায় শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের বিষয়টি স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিন শিক্ষার্থী চট্টগ্রামের ওই বাসাগুলোতে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিল। তবে তারা কীভাবে সেখানে পৌঁছায়, কার মাধ্যমে সেখানে যায় এবং নিখোঁজ হওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা বিস্তারিত জানা যায়নি।
পাঁচ দিন নিখোঁজ থাকার পর তিন স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা। একই সাথে তাদের নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।


