রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন দীর্ঘ ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ হয়ে পড়েন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।


