রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকার মঞ্চ মাতাতে এসেছেন। ‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী চার বছর পর বাংলাদেশে ফিরেছেন। তার অংশগ্রহণে আয়োজিত ‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ কনসার্টে থাকছে দেশীয় সংগীতের বিশেষ আয়োজনও। এতে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান ওটিলিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইতে পাওয়া যাচ্ছে অনুষ্ঠানের অগ্রিম টিকিট।
বাংলাদেশে পৌঁছানোর পর ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শিগগিরই দেখা হচ্ছে।’
কনসার্টে ওটিলিয়ার সাথে মঞ্চ ভাগাভাগি করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনুষ্ঠানে নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ নিজেই।
আন্তর্জাতিক পপ সংগীতের জনপ্রিয়তা এবং দেশীয় সংগীতের সমন্বয়ে কনসার্টটি সাজানোর পরিকল্পনা করেছেন আয়োজকরা। ফলে ওটিলিয়ার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি ফুয়াদ ও তার ব্যান্ডের পরিবেশনাও উপভোগ করার সুযোগ পাবেন দর্শক-শ্রোতারা।


