...|...|...

বিনোদন

কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ দিলেন শাহরুখ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৬
Shares
কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ দিলেন শাহরুখ

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভিডিওতে শিল্পপতি অনন্ত আম্বানির সাথে শাহরুখের কথোপকথন নিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ খান।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে সুভিগ্য শর্মা নামের এক কনটেন্ট ক্রিয়েটর ভিডিওটি প্রকাশ করেন। সেখানে আধ্যাত্মিক গুরু সদগুরুর সাথে অনন্ত আম্বানির কথোপকথনের দৃশ্যের পাশাপাশি শাহরুখ ও অনন্তের আলাপের একটি আলাদা ভিডিও ক্লিপ যুক্ত করা হয়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ওই কথোপকথনের সময় শাহরুখকে চুপ থাকতে বলা হয়েছিল। 

এ দাবিকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে উল্লেখ করেছেন শাহরুখের আইনজীবীরা। গত ২৩ নভেম্বর পাঠানো আইনি নোটিশে তিনি জানান, ভিডিওর ক্যাপশনের মাধ্যমে কথোপকথনের প্রকৃত প্রেক্ষাপট বিকৃত করা হয়েছে। এ ধরনের বক্তব্য শাহরুখের ব্যক্তিগত ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করতে পারে।

নোটিশে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ৩৫৬ ধারার উল্লেখ করা হয়েছে। মানহানিসংক্রান্ত এই ধারার আওতায় ভিত্তিহীন ও ক্ষতিকর বক্তব্য প্রচারের বিষয়টি তুলে ধরেছে শাহরুখের আইনজীবী দল। আইনি নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সুভিগ্য শর্মাকে পাঁচটি নির্দেশনা পালনের কথা বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বিতর্কিত ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলা, এ ধরনের দাবি ভবিষ্যতে প্রচার না করা এবং ভিডিওর সাথে যুক্ত বিভ্রান্তিকর ক্যাপশন ও বক্তব্য মুছে ফেলা বা সংশোধন করা। এ ছাড়া মূল ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণ এবং নির্দেশনাগুলো পালনের বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতেও বলা হয়েছে।

তবে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান জানিয়েছেন সুভিগ্য শর্মা। দ্বিতীয় একটি ভিডিও প্রকাশ করে তিনি শাহরুখের আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, ভিডিওতে যা বলা হয়েছে, তা মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে। সুভিগ্য বলেন, যে ব্যক্তি কথিতভাবে শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন, তিনি কি তাকে অপমান করেননি? নাকি শাহরুখের সেই অপমানের কথা বলার সাহস নেই? অথচ এখন বলা হচ্ছে, আমরাই তাকে অপমান করেছি।

শাহরুখ খান ও অনন্ত আম্বানির কথোপকথনের সংক্ষিপ্ত ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির ক্যাপশনে করা দাবির প্রতিবাদ জানিয়ে শাহরুখের আইনজীবীরা একে বিভ্রান্তিকর ও মানহানিকর বলে উল্লেখ করেছেন।