...|...|...

সারাদেশ

ভবদহে সেচ প্রকল্পে এলাকাবাসীর আপত্তি, নদী-খাল সচলের দাবি

যশোর প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৯
Shares
ভবদহে সেচ প্রকল্পে এলাকাবাসীর আপত্তি, নদী-খাল সচলের দাবি

ছবি: টাইমস টুডে

যশোরের ভবদহ এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনের নামে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত সেচ প্রকল্পে আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেচ প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয় দাবি করে নদী-খাল সচল করার পাশাপাশি বিলগুলোতে জোয়ার-ভাটা বা টিআরএম চালুর দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ ও কৃষিমন্ত্রীর কাছে পৃথক স্মারকলিপি দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা। স্মারকলিপিতে ভবদহকে বৃহত্তর যশোরের প্রস্তাবিত সেচ প্রকল্প থেকে বাদ দিয়ে পৃথক ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর যশোরের বিভিন্ন এলাকাকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত সেচ প্রকল্প ভবদহের জলাবদ্ধতা নিরসনে কার্যকর হবে না। এর আগে ২০২০ সালে বৈদ্যুতিক সেচযন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যোগও সফল হয়নি।

ভবদহ অঞ্চলের প্রায় ১৩০ কিলোমিটার নদী ও খাল পলি জমে ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার শিকার হচ্ছে। নদী-খালের প্রবাহ সচল করা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে করেন আন্দোলনের নেতারা।

নেতারা জানান, শীত মৌসুমেও অন্তত ১৫টি গ্রাম এখনো জলাবদ্ধ রয়েছে। তাই নদী-খাল সচল করার পাশাপাশি গত ১৬ মে জাতীয় কর্মশালায় গৃহীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তারা।

ভবদহবাসী স্পষ্ট করেছেন, অকার্যকর সেচ প্রকল্প নয়, বরং নদী সচল রাখা এবং বিলে বিলে টিআরএম চালুই পারে স্থানীয় বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে।

স্মারকলিপি প্রদানকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, তসলিমুর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্যসচিব চৈতন্য কুমার পাল, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।