...|...|...

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে মিলল ১৭টি ককটেল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩০
Shares
চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে মিলল ১৭টি ককটেল

ছবি: টাইমস টুডে ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে একটি নির্জন লেবুবাগানের মাটির নিচে পুঁতে রাখা তিনটি বালতি থেকে ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসব ককটেল নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডল টোলা এলাকার একরামুল হকের দেশি লেবুর বাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে ওই বাগানে খড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে তিনটি নতুন মাটি ভরাট করা গর্ত দেখতে পান এক নারী। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে গর্তের ভেতরে বালতির ওপরে পলিথিন দেখতে পান। বালতিগুলোতে হাতবোমা বা ককটেল থাকতে পারে বলে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে। পরে সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় মাটির নিচে পুঁতে রাখা লাল রঙের তিনটি বালতি উদ্ধার করা হয়। বালতিগুলোর ভেতরে মোট ১৭টি ককটেল পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, তিনটি বালতি উদ্ধারের পর এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়। পরে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতে ১৭টি ককটেল নিষ্ক্রিয় করেন।

তিনি আরও জানান, কী কারণে এবং কী উদ্দেশ্যে এসব ককটেল তৈরি করে মাটির নিচে মজুত রাখা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এর আগে একই এলাকায় ককটেল উদ্ধার

উল্লেখ্য, গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিজেদের হাতে থাকা দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরীর দুই সমর্থক আহত হন। ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে। একই এলাকায় ফের বিপুলসংখ্যক ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।